২-৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষিঋণের সুদ কমিয়ে এনেছে। লিচুসহ সব ফসলের জন্য কৃষকদের ২ থেকে ৪ শতাংশ সুদে ঋণ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় ঈশ্বরদীতে লিচু মেলায় কৃষক সমাবেশে তিনি এ সব কথা বলেন। এর আগে বিকাল ৪টায় ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে লিচু মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, ঈশ্বরদী একটি সমৃদ্ধ অঞ্চল। ঈশ্বরদীকে কৃষি প্রক্রিয়া অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য নিজে এসে দেখে গেলাম। আগামী দিনে ঈশ্বরদীর উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে দেশের চাহিদা মিটিয়ে রফতানির ব্যবস্থা করা হবে। 

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত লিচু মেলায় সভাপতিত্ব করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ। মেলায় অতিথি ছিলেন শহিদুল ইসলাম বকুল এমপি, হোসনে আরা বেগম এমপি, শামীমা আক্তার খানম এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, সাবেক এমপি পাঞ্চাব আলী বিশ্বাস, সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,  পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. শাহজাহান কবির, বিএসআরআই মহাপরিচালক ড. আমজাদ হোসেন,  বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম. ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক  ড. মো. মহি উদ্দিন প্রমুখ।