ইত্তেফাক রিপোর্ট
দীর্ঘ ১৫ বছর পর ঢাক-ঢোল বাজিয়ে, মিছিল আর গানে ঈদ আনন্দ উদযাপন করেছেন পুরান ঢাকার বাসিন্দারা। ঈদের পরের দিন বৃহস্পতিবার বিকালে পুরান ঢাকার হোটেল আল রাজ্জাকের সামনে থেকে (নর্থ সাউথ রোড) নাগরিক সমাজ আয়োজিত পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলের আয়োজন করে।
আয়োজকরা জানিয়েছেন, ১৯৯৪ সাল থেকে প্রতিবছর রোজার ঈদের পরের দিন ‘ঈদ আনন্দ মিছিল’ করে আসছিলেন পুরান ঢাকার বাসিন্দারা। উদ্যোগের অভাবসহ নানা কারণে ১৫ বছর এই আয়োজন বন্ধ ছিল। এই ঈদ আনন্দ মিছিল এখন থেকে প্রতিবছর হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ আনন্দ মিছিল উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, পুরান ঢাকার ঐতিহ্য বিকাশে এগিয়ে এলে সব ধরনের পৃষ্ঠপোষকতা করা হবে।
মেয়র বলেন, পুরান ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশে যেসব সংগঠন এগিয়ে আসবে তাদের নগর কর্তৃপক্ষ সম্ভাব্য সব ধরনের পৃষ্ঠপোষকতাসহ প্রণোদনা দেব। শহীদ হুসেন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে বিভিন্ন বয়সী নারী- পুরুষ ও শিশুরা অংশ নেন। এ সময় মেয়র সাঈদ খোকন নেতাদের সাথে নিয়ে পুরান ঢাকার অন্যতম ঐতিহ্য ঘোড়ার গাড়িতে চড়ে সড়ক প্রদিক্ষণ করেন।
ঈদ আনন্দ মিছিল আগামী দিনে আরও এগিয়ে নেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, রাস্তাঘাট, খেলার মাঠ, পার্কসহ অন্যান্য উন্নয়ন কাজ করছি। এর সঙ্গে আমরা পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে চাই। পরে মিছিলটি নর্থ সাউথ রোড থেকে আলু বাজার হয়ে কাজী আলাউদ্দিন রোড, নাজিরাবাজার ঘুরে বংশাল এলাকায় এসে শেষ হয়।