অর্থবছরের ১০ মাসে ৬৭ হাজার কোটি টাকা ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে, অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ ও অনুদান মিলিয়ে ৭৭০ কোটি ৮৫ লাখ ডলার অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্হাগুলো। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৭ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অর্থছাড় বেড়েছে প্রায় ৫৯ শতাংশ। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আলোচ্য সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় দুটোই বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ঋণ পরিশোধের পরিমাণও। ইআরডির কর্মকর্তারা জানান, কোভিড-সংক্রান্ত বাজেট-সহায়তা ও টিকা-সংশ্লিষ্ট ঋণের কারণে চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তার অর্থছাড় ক্রমান্বয়ে বাড়ছে। তবে প্রকল্প সহায়তা ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলো আগের ধারাতেই রয়ে গেছে। অর্থবছরের শেষ দিকে বৈদেশিক সহায়তা ব্যবহারের লক্ষ্য প্রতিবারের মতো এবারও কাটছাঁট করা হয়েছে।

চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৈদেশিক ঋণ আকারে ৮৮ হাজার ২৪ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছিল। কিন্তু চাহিদা কম থাকায় সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তার বরাদ্দ ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমানো হয়েছে। সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তা বা ঋণ ব্যবহারের পরিমাণ ৭০ হাজার ২৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে আসছে ২০২২-২৩ অর্থবছরের নতুন এডিপি বাস্তবায়নে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ধরা হয়েছে ৯৩ হাজার কোটি টাকা।

ইআরডির হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের ১০ মাসে সব মিলিয়ে ঋণ আকারে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৭৫২ কোটি ডলার, আগের অর্থবছরে ছাড় করা হয়েছিল ৪৭০ কোটি ৫৮ লাখ ডলার। এ বছর বিভিন্ন প্রকল্পে অনুদান আকারে ছাড় করা হয়েছে ১৮ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে অনুদান এসেছিল ১৩ কোটি ৬৫ লাখ ডলার। এ বছর খাদ্যসহায়তা আকারে ২৫ লাখ ৩০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা, যা গত অর্থবছরে ছিল ১ কোটি ২৯ লাখ ডলারের সমপরিমাণ।

উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ের পাশাপাশি নতুন প্রকল্পে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও বেড়েছে। অর্থবছরের ১০ মাসে বিভিন্ন প্রকল্পে ৫৮৮ কোটি ৫৪ লাখ ডলারের প্রতিশ্রুতি এসেছে। এর মধ্যে ঋণ আকারে প্রতিশ্রুতি পাওয়া গেছে ৫৭১ কোটি ৪৬ লাখ ডলারের সমপরিমাণ এবং অনুদানের প্রতিশ্রুতি এসেছে ১৭ কোটি ডলারের বেশি। আগের ২০২০-২১ অর্থবছরের ১০ মাসে সব মিলিয়ে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ৫২৭ কোটি ৫৪ লাখ ডলার।

এদিকে অর্থবছরের এই ১০ মাসে বিভিন্ন ঋণের সুদাসল বাবদ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করা হয়েছে ১৭৫ কোটি ১৮ লাখ ডলার বা ১৪৯৯ কোটি ৯৪ লাখ টাকা। এ সময় ঋণের আসল বাবদ পরিশোধ হয়েছে ১৩১ কোটি ৭৮ লাখ ডলার এবং সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৪৩ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরে সুদাসল বাবদ এই ১০ মাসে পরিশোধ করা হয়েছিল ১৬০ কোটি ৩৮ লাখ ডলার বা ১৩৫৮ কোটি ৬৩ লাখ টাকা।