রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালের পাশের একটি বাড়ির ফ্ল্যাট থেকে অাশিকুল ইসলাম চৌধুরী (৩২) নামে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুন) দুপুরে কদমতলী থানার এসঅাই মাহবুবল হক এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক এশিয়ান এজ নামে ইংরেজি দৈনিকের প্রেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
এসঅাই মাহবুবল হক বলেন, ‘অাশিকুল ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজারে থাকেন। একজন তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে অাশিকুল ওই বাড়িতে যান। শুক্রবার সকালে ওই তরুণী পুলিশকে ফোন করে জানান যে অাশিকুল মারা গেছেন।’
তিনি অারও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’