মঠবাড়িয়ায় ট্রলি চালক খুন মহিলাসহ গ্রেফতার দুই

পিরোজপুর অফিস ও মঠবাড়িয়া সংবাদদাতা

পাশের বরগুনার বামনা উপজেলার অযোধ্যা গ্রামের এক ট্রলি চালককে হত্যা সন্দেহে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের এক গৃহকর্ত্রীসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে গৃহকর্তা আফজাল শরীফকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মঠবাড়িয়ায় তুষখালী খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের দুদিন পর বৃহস্পতিবার থানায় ছবি দেখে নিহতের পিতা লাশ শনাক্ত করেন। এটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের পরিবার। এর আগে গত মঙ্গলবার উদ্ধার হওয়া ওই লাশের কোনো পরিচয় না পেয়ে পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশের ময়না তদন্ত শেষে পিরোজপুরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। আরো জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম ধলু মিয়া (৩০)। তিনি পাশের বামনা উপজেলার অযোধ্যা গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলি চালক ছিলেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করে। আটককৃতরা হলো: উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের আফজাল শরীফের স্ত্রী রাশেদা বেগম (৩৫) ও  জাফর শরীফের ছেলে রিয়াজ শরীফ (৩২)।

এ বিষয় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত ধলু গত রবিবার রাতে তাদের বাড়িতে আসে। এ সময় বাড়িতে অবাঞ্ছিত ব্যক্তি বা চোর ধরার জন্য বিদ্যুতের ফাঁদ পাতা ছিল। সে ফাঁদে ধলু বিদ্যুত্স্পৃষ্টে  মারা যায়। পরে ঝামেলা এড়াতে নিহতের  লাশ বাড়ির পাশের খালে ফেলে দেয়া হয়। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল আমীন জানান, আটককৃত দুইজনকে গতকাল শুক্রবার অপমৃত্যু মামলার সংশ্লিষ্টতায় দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা স্পষ্ট হবে। তবে সুরতহাল রিপোর্টে নিহত ধলুর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।