পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পূর্ব ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণ নিতে পারে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। শুক্রবার (৩ মে) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে মন্ত্রণালয় বলেছে, কিয়েভ দখল নিতে ব্যর্থ হওয়ার পর মস্কো ইউক্রেনে তাদের কৌশল পরিবর্তন করে। দেশটির পূর্ব ইউক্রেনের ডনবাসের দিকে মনোনিবেশ ঘটায়। লুহানস্ক ও দোনেতস্ক মিলে ডনবাস অঞ্চল।
২০১৪ সাল থেকে রাশিয়াপন্থী বিচ্ছিন্নাবাদীরা ডনবাসের দুই অঞ্চল দখল নিয়ে আছে। কিয়েভের ইউক্রেনীয় সরকার দাবি করে, এই দুটি অঞ্চল কার্যকরভাবে অস্থায়ীভাবে রাশিয়ার দখলে রয়েছে।
ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এখন ডনবাসে কৌশলগত সাফল্য অর্জন করছে। তবে রাশিয়া সাম্প্রতিক এই কৌশলগত সাফল্য 'উল্লেখযোগ্য সম্পদ' খরচের বিনিময়ে অর্জন করছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত বেড়েছে।