নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের লেকের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) দুপুরে নগরীর জল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-ইমতিয়াজ আহমেদ (১৪) ও মিহাদ হোসেন (১৩)। ইমতিয়াজ সদর উপজেলার ফতুল্লা থানার দেওভোগ এলাকার ইকবাল খানের ছেলে এবং মিহাদ একই এলাকার জাকির মিয়ার ছেলে। তারা দুইজনই স্থানীয় দেওভোগ মাদরাসার ছাত্র ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জুম্মার নামাজের আগে দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় এক ঘণ্টা পরে মিহাদের লাশ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী লাশ উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।