পাকিস্তানে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পেট্রোল ও ডিজেলের দাম আরেক দফা বাড়াল পাকিস্তানের শাহবাজ সরকার। এখন থেকে আরো ৩০ রুপি বর্ধিত দামে বিক্রি হবে জ্বালানি পণ্য। দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বৃহস্পতিবার নতুন করে দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জিও নিউজ।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রোলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’ 

এদিকে, মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে। 

এর আগেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল দেশটিতে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল এখন বিক্রি হচ্ছে ২০৯ দশমিক ৪৬ রুপিতে। ডিজেলের লিটারপ্রতি দাম এখন ২০৪ দশমিক ১৫ রুপি। কেরোসিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।