ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারত অংশীদারিত্বের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দেশের অংশীদারিত্বকে সেই পর্যায়ে নিয়ে যেতে আমি অঙ্গীকারাবদ্ধ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে গত ৪ জুন লেখা এক চিঠিতে ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, নিকটতম প্রতিবেশী বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের কারণে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন এবং চলতি মাসে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেরও জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে সরকার গঠন দুই দেশের সুদৃঢ় অংশীদারিত্বের প্রতি উভয় দেশের জনগণের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ । চিঠিতে এস জয়শংকর শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদও ব্যক্ত করেছেন।