চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় ডিপোর পরিচালক মুজিবুর রহমান সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।’
শনিবার (৪ জুন) দিবাগত রাত ১১ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এমনকি বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। অনেকের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। রাতে আকস্মিক এই ঘটনায় অনেকে ভাবেন হয়ত ভূমিকম্প হচ্ছে।
বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।
মুজিবুর রহমান বলেন, ‘আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করব। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়া হবে।’
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে আহত হন।