এসিল্যান্ডের গাড়ি ভাংচুর, পুলিশ ও আনসার সদস্য আহত

মহেশখালী উপজেলার হোয়ানকে ভ্রাম্যম্যমাণ আদালত পরিচালনাকালে এসিল্যান্ডের গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠেছে। এতে কয়েকজন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন। 

শনিবার (৪ মে) বিকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া বাজারে এই ঘটনা ঘটে। কালাগাজির পাড়া বাজারের ইজারা সংক্রান্ত বিরোধে একটি পক্ষ এই হামলা চালিয়েছে। তবে রক্ষা পেয়েছেন এসিল্যান্ড মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, কালাগাজির বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। এই নিয়ে অভিযান চালানোর জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়ে সেখানে যান এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করলে ইজারা বঞ্চিত গ্রুপটি উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতের নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালায় এবং এসিল্যান্ডের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে  পুলিশ ও আনসার সদস্যরা আহত হন। 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো. ইয়াছিন ও মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই।

ওসি মো. আব্দুল হাই ঘটনা নিশ্চিত করে বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাঁ দানের অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছ।’