বাইডেনের বাড়ির ওপর দিয়ে গেলো বিমান, আতঙ্কে নিরাপদ অবস্থানে প্রস্থান

অনুমতি ছাড়া একটি বিমান উড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে। আর এতেই ঘটেছে হুলস্থুল ঘটনা। অনাকাঙ্ক্ষিত কিছুর আশঙ্কায় প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে তা সংক্ষিপ্ত সময়ের জন্য ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানায় নিউ ইয়র্ক পোস্ট।

অবশ্য এই ঘটনাকে হামলা বা তেমন ধরনের কিছু নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৪ জুন) যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ বিচে প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে একটি ছোট প্রাইভেট বিমান উড়ে যায়। সেখানে কোনো ধরনের বিমান উড্ডয়ন সীমাবদ্ধ হলেও ভুল করেই বিমানটি বাড়ির ওপর দিয়ে উড়ে যায়।

হোয়াইট হাউস জানিয়েছে, এই ঘটনায় সৃষ্ট আতঙ্কের কারণে জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে ওই বাড়ি থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ডেলাওয়্যারের রেহোবোথ বিচের ঘটনা সম্পর্কে বলেছেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন এবং সেখানে কোনো হামলা হয়নি।’

জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন পরে তাদের বাসভবনে ফিরে এসেছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। ডেলাওয়্যারের রেহোবোথ বিচের এই স্থানটি ওয়াশিংটন থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) পূর্বে অবস্থিত।