জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্যদের ক্ষেত্রে বিভাগীয় শর্তাবলী শিথিল করাসহ ১১দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা।
রবিবার (৫ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির ব্যানারে কর্মবিরতি পালনসহ নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
তাদের অন্য দাবিগুলো হলো- বর্তমান নীতিমালার ৭৯ নম্বর ক্রমিকে সকল পদের কর্মচারিদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর থাকা সাপেক্ষে আপগ্রেডিংয়ের মাধ্যমে গ্রেড-৯ম স্কেলে উন্নীত করে প্রশাসনিক অফিসার পদে পদোন্নতির ব্যবস্থা করা ও নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন, অষ্টম যোগ্যতা সাপেক্ষে সকল কর্মচারিদের গ্রেড-১০ স্কেল প্রদানের ব্যবস্থা করা ও নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন, বর্তমান নীতিমালা অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে গ্রেড-১৩ থেকে গ্রেড-১২ প্রদান করা হয়, এক্ষেত্রে গ্রেড-১২ এর পরিবর্তে গ্রেড-১১ উন্নীত করা এবং তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদোন্নতির ক্ষেত্রে মেয়াদপূর্তির দিন থেকে কর্মচারিদের পদোন্নতি ব্যবস্থা করা এবং আবেদনকারীদের ৭০% এর পরিবর্তে ১০০% আপগ্রেডকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন করা।
এছাড়া মৃত কর্মচারীর পোষ্যদের চাকুরি নিশ্চিত করা, ৪% হারে কর্মচারীদের গৃহ নির্মাণ/ফ্লাট ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক লোন চুক্তি অগ্রণী ব্যাংকের সাথে করা, যে সকল কর্মচারী ওভার টাইমের সাথে জড়িত এবং করানোর সময়ে দায়িত্বে কর্মরত ছিল, তাদের মূল বেতন অনুসারে ওভার টাইম ভাতা বৃদ্ধি করা, ডিগ্রী অর্জনের জন্য অনর্জিত ইনক্রিমেন্টের ব্যবস্থা করা, কলাবাগান ও রাঙ্গামাটি এলাকার চার ইঞ্চি পানির লাইন ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে চত্বরে অভিভাবক শেড ও দু'টি টয়লেট কাম ওয়াশরুম নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও তৃতীয় শ্রেণী কর্মচারীদের স্বামী ও স্ত্রীদের স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এ বিষয়ে কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম বলেন, আমাদের দাবিগুলো বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। তবে আমাদের দাবিগুলো বিবেচনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা দাবি আদায়ের জন্য মাঠে নামতে বাধ্য হয়েছি।
তিনি আরো বলেন, অতিদ্রুত আমাদের দাবিগুলো মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি। অন্যথায় কর্মচারীদের পক্ষ থেকে আরো বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মচারীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।