ন্যূনতম মজুরি বাড়ালো জার্মান সরকার

ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি বাড়িয়ে আইন পাস হয়েছে জার্মান পার্লামেন্টে৷ এর মধ্য দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতিও পূর্ণ করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ জার্মানিতে ঘণ্টা প্রতি মজুরি বাড়িয়ে ১২ ইউরো অর্থাৎ প্রায় ১২শ টাকা করা হয়েছে৷ 

শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্মকক্ষে মজুরি বৃদ্ধির এই প্রস্তাব পাস হয়৷ আইন অনুযায়ী, ন্যূনতম মজুরি দুই ধাপে বাড়ানো হবে৷ সেক্ষেত্রে প্রথম ধাপে বর্তমান মজুরি নয় ইউরো ৮২ সেন্ট থেকে বাড়িয়ে ১০ ইউরো ৪৫ সেন্ট করা হবে যা আসছে জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে৷ এরপর ঘণ্টা প্রতি মজুরি ১০ ইউরো ৪৫ সেন্ট থেকে বেড়ে ১২ ইউরো হবে যা ১লা অক্টোবর থেকে কার্যকর হবে৷ 

শ্রমমন্ত্রী হুবের্টুস হাইল বলেন, সরকারের এই উদ্যোগের ফলে কঠোর পরিশ্রম যারা করেন তাদের প্রতি সম্মান জানানো হলো৷ মজুরি বাড়ানোর বিষয়টি গত সেএপ্টেম্বরের নির্বাচনী প্রচারণায় ওলাফ শলৎসের দলের অন্যতম প্রতিশ্রুতি ছিল৷ আর তাই মজুরি বাড়ানোর বিষয়টি সবার কাছেই প্রত্যাশিত ছিল৷ এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর জার্মানিতে নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম বাড়তে থাকে৷ 

গত মে মাসে দ্রব্যমূল্য শতকরা সাত দশমিক নয় ভাগ বৃদ্ধি পায়৷ চলমান পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বৃদ্ধির এ ঘোষণা কম পারিশ্রমিকে কাজ করা চাকরিজীবীদের জন্য কিছুটা হলেও স্বস্তির৷ তবে মজুরি বৃদ্ধির ফলে নানা খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও কেউ কেউ আশঙ্কা করছেন৷