নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৭ দিন আগে নিখোঁজ হওয়া মিনু আক্তার (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার সোনারগাঁও থানাধীন মুঞ্জিলখোলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজের ঘটনায় র্যাব অভিযান চালিয়ে মিনুর সাবেক স্বামী জুনায়েদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিনুর লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অধিনায়ক কাজী শমসের উদ্দিন।
র্যাব জানায়, গত ২১ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মিনু আক্তার। তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার মা মনোয়ারা বেগম ২৩ মে সোনারগাঁও থানায় জিডি করেন। র্যাব জিডির তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে নিেঁখাজ মিনুর সাবেক স্বামী জুনায়েদকে (৪৫) আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল ঘটনা। র্যাব জানায়, গত ২১ মে রাত ৩টায় জুনায়েদ ফোন দিয়ে তার ভাড়া বাসায় আসতে বললে মিনু আক্তার আসেন। এরপর জুনায়েদ তাকে জোরপূবর্ক ধর্ষণ করে। এরপর উভয়ের মধ্যে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে ঘরের মধ্যে থাকা একটি লাঠি দিয়ে জুনায়েদ মিনুর মাথায় আঘাত করে। এতে মিনু ঘরের মেঝেতে পড়ে গেলে জুনায়েদ তার বুকের উপর বসে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাত ৪টায় মিনুর লাশ বাড়ির পাশে পুকুরে কচুরিপানার ভেতরে রেখে দেয় জুনায়েদ। পরদিন ২২ মে রাতে লাশ রশি দিয়ে বেঁধে পাশে ড্রেজারের বালি ফেলার স্থানে নিয়ে গর্ত করে পুঁতে রাখে। গতকাল সকালে র্যাব জুনায়েদের দেওয়া তথ্য মতে, সোনারগাঁও থানাধীন মুঞ্জিলখোলা এলাকার বিল থেকে মিনুর পুঁতে রাখা লাশ উদ্ধার করে। এরপর লাশ সোনারগাঁও পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। থানায় মামলা হয়েছে।
মানিকগঞ্জে নদী থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় কালীগঙ্গা নদী থেকে উদ্ধার করা হলো কিশোরীর লাশ। ঈদের দিন বুধবার সকালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী আয়েশা আক্তার। নিহত আয়েশা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার আব্দুল মজিদের মেয়ে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, আয়েশা তার বয়সি ৯ জন মিলে ঈদের দিন সকালে নদীতে গোসল করতে যায়। আয়েশাসহ তিনজন সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আয়েশাকে উদ্ধার করা যায়নি। শুক্রবার ওই কিশোরীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে স্বজনরা।