বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের ৭০০ রোগী, যুক্তরাষ্ট্রে ২১ জন

বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের ৭০০ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২১ জন রোগী রয়েছেন। তদন্তে ধারণা করা হচ্ছে যে, রোগটি এখন যুক্তরাষ্ট্রের ভেতরেও ছড়িয়ে পড়ছে।

সিডিসি’র ডিভিশন অফ হাই কনসিকুয়েন্স প্যাথোজেন্স অ্যান্ড প্যাথোলজির সহকারি পরিচালক, জেনিফার ম্যাককুইসটন জানান, “যুক্তরাষ্ট্রে এমন কিছু রোগী আছেন যারা অন্যান্য সনাক্ত হওয়া রোগীদের সাথে সম্পর্কিত বলে আমরা জানতে পেরেছি। সকল রোগীই সেরে উঠছেন। কোন রোগীরই মৃত্যু হয়নি।

প্রথম ১৭ জনের মধ্যে ১৬ জন রোগীই এমন পুরুষ ছিলেন যারা অন্য পুরুষদের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হন। সিডিসি’র নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ১৪ জন রোগী ভ্রমণ করেছেন।

যুক্তরাষ্ট্রে একজন রোগী এমনও আছেন যিনি ভ্রমণ করেননি এবং কিভাবে সংক্রমিত হয়েছেন তা জানেন না।”

মাঙ্কিপক্স এক বিরল রোগ। এটি গুটিবসন্তের সাথে সম্পর্কিত তবে তার থেকে কম তীব্র। মাঙ্কিপক্সের ফলে চামড়ায় ফুসকুড়ি হয়ে তা ছড়িয়ে পড়ে, জ্বর আসে, শরীর কাঁপুনি দেয় এবং ব্যথা হয়। এছাড়াও অন্যান্য লক্ষণও দেখা যায়।

রোগটি সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকাতেই সীমাবদ্ধ ছিল। তবে, মে মাস থেকে তা ইউরোপে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায় এবং তখন থেকে অন্যান্য দেশেও রোগটি ছড়িয়ে পড়তে থাকে।