চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ সাতজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার দুুপুর ও বিকেলে তাদের নিয়ে আসা হয়।
তারা হলেন- ডিপোর শ্রমিক আমিন (২২), মো. রাসেল (৩৯), গাড়িচালক ফারুক (৪৫), সিকিউরিটি ইনচার্জ মাগফারুল ইসলাম (৬৫), প্রশাসনিক শাখার কর্মকর্তা খালেদুর রহমান (৬০), কর্মচারী শেখ মঈনুল (৪০) ও আমীন (২৩)।
এদিকে আগুন এখনো জ্বলছে। আগুন নেভাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করছেন। এখনো বিভিন্ন কনটেইনারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সিপিপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা।
শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে বিকট বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে, ফায়ার সার্ভিসের ৮ সদস্য রয়েছেন। এ ঘটনায় ৪ শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন।