দক্ষিণ চীন সাগরে মাছ ধরার উপর বেইজিংয়ের দেওয়া একতরফা মৌসুমি নিষেধাজ্ঞার সমালোচনা করে ফিলিপাইনকে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ জুন) তারা এ সমর্থনের কথা জানায়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ চলাচল পথ। তবে বহু বছর ধরে এই সাগরের ছোট ছোট অসংখ্য দ্বীপ, যার অনেকগুলোই প্রবাল দ্বীপ, প্রবালপ্রাচীর এবং দ্বীপগুলোর সম্পদের মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ এবং অনেকদিন ধরেই এই সাগর ওই অঞ্চলে একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
দক্ষিণ চীন সাগরের পানিসীমার অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। তবে তা মানতে নারাজ দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী অন্য দেশগুলো। এ নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে চীনের দ্বন্দ্ব চলে আসছে। আর এই দ্বন্দ্বে চীনের বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
২০ বছরের বেশি সময় আগে দক্ষিণ চীন সাগরে বেইজিং সরকার গ্রীষ্মকালীন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে প্রতি বছরের ১ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা এবং পুরো চীনা উপকূল জুড়ে মাছ ধরা নিষিদ্ধ থাকে।