রাশিয়ার ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি ইউক্রেনের 

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চল লক্ষ্যবস্তু ছিল। রবিবার (৫ জুন) অপারেশনাল কমান্ড সাউথের আপডেটে এই তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের দক্ষিণে রাতে হামলার সময় আমাদের বাহিনী দুইটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। এর পর ভোরের দিকে মিকোলাইভ অঞ্চলকে লক্ষ্য করে বিমান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আরও দুইটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরের দিক থেকে এবং রাশিয়ার অঞ্চল থেকে মিকোলাইভ অঞ্চলের কৃষ্ণ সাগর উপকূল, বন্দর এবং শস্যভাণ্ডারগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার শিকার হয়। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।