চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারের ডিপোতে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় শোকার্ত পুরো দেশ। ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তারকারা।
পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—
মাশরাফি বিন মুর্তজা
‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইলো সহমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারে। সকলে প্রার্থনা করি।’
সাকিব আল হাসান
‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ এক বিস্ফোরণে নেমে এসেছে মানবিক বিপর্যয়। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি থাকল আমার সমবেদনা। ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত সবার দ্রুত সুস্হতা কামনা করছি। প্রতিকূল এই সময়ে চট্টগ্রামের পাশেই আছে পুরো বাংলাদেশ। সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যেসব সাহসী অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ এবং জরুরি কর্মীরা জীবন দিয়ে লড়ে যাচ্ছেন, পরিবেশ অনুকূলে আনার জন্য তাদের সবার প্রতি থাকল আমার শ্রদ্ধা।’
তামিম ইকবাল
‘খুবই দুঃখজনক। আমাদের সবার দোয়া যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে। আমার কাছে মনে হয় এ রকম দুর্ঘটনা আগেও হয়েছে। যেহেতু এটা চট্টগ্রামে হয়েছে কিন্তু আমাদের যখনই এরকম কোনো কিছু হয় আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জায়গায় আছি না কেন আমাদের সবাইকে নিজ দিক থেকে যতটুক পারি ছোটবড় যা সহযোগিতা করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি, তারা সেরা চিকিত্সা সেবা পাবে, তারা সেরা সহযোগিতা পাবে সবার কাছ থেকে।’
মুশফিকুর রহিম
‘চট্টগ্রাম থেকে আসা খবরটা শুনে খুব খারাপ লাগছে। আহত-নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি। শক্ত থাকো, সীতাকুণ্ড। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।
মোহাম্মদ সাইফউদ্দিন
‘ছবি, ভিডিও আর সঙ্গে নিউজগুলো যত সামনে আসছে, মনে হচ্ছে, আমি ওখানে থাকলে আমার কী হতো? আল্লাহর কাছে অশেষ শোকরানা; কিন্তু অর্ধশতাধিক মানু্ষ নিহত, ৪৫০-এর অধিক মানুষের অবস্হা সংকটাপন্ন। আল্লাহ সহায় হোন। যে যার অবস্হা থেকে যত দ্রুত সম্ভব এগিয়ে আসুন।
তাসকিন আহমেদ
‘আসুন চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেওয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’
জামাল ভুঁইয়া
‘আজ (গতকাল) এক কঠিন সকাল ছিল আমার ও গোটা দেশবাসীর জন্য। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সব শহিদ ভাই-বোনদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি।’