সখীপুর ভেটেরিনারি হাসপাতালে দেড় বছর ধরে সার্জন নেই

টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দেড় বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। প্রানিসম্পদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য নেই জরুরি বিভাগও। ফলে এ উপজেলার গবাদি পশুর সেবার জন্য খামারি ও চাষিদের গ্রাম্য চিকিৎসকের দ্বারস্থ হতে হচ্ছে। 

উপজেলা প্রানিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় হাজারখানেক গরু-ছাগলের খামারসহ আড়াই হাজার মুরগির খামার রয়েছে। ব্যক্তিপর্যায়েও কৃষকরা গরু-ছাগল, মহিষ, ভেড়া, হাঁস, মুরগি লালনপালন করছে। এর মধ্যে ৫৬০টি গরু-ছাগলের, ৭০০টি লেয়ার ও ৫৫০টি ব্রয়লার মুরগির খামারের নিবন্ধন রয়েছে।  উপজেলায় মোট ২১ লাখ ২০ হাজার প্রাণীর জন্য একজন ভেটেরিনারি সার্জন চিকিৎসক নিয়োজিত রয়েছে। অথচ গত দেড় বছর ধরে ওই পদটিও শূন্য। 

উপজেলা পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, উপজেলার কোনো খামারিই ভেটেরিনারি হাসপাতাল থেকে কোনো সেবা পায় না।  

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সামিউল বাছির বলেন, জেলায় ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলাতেই ভেটেরিনারি সার্জন নেই। জরুরি বিভাগ চালু করতে হলে উপজেলায় অন্তত তিন জন ভেটেরিনারি সার্জন লাগবে। অথচ এ উপজেলায় দেড় বছর ধরে ভেটেরিনারি সার্জনই নেই।