হতাশ নন নাঈম

আট টেস্টের ছোট্ট ক্যারিয়ারে নাঈম হাসানের প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে চার ম্যাচে ১২ উইকেট নিয়েছেন ডানহাতি এই অফস্পিনার। কিন্তু ইনজুরির কারণে ক্যারিবিয়ান সফরেই যাওয়া হচ্ছে না তার। তবে এ নিয়ে হতাশ নন তিনি।

১৫ মাস পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন নাঈম। প্রথম টেস্টে দারুণ বোলিং করে নিয়েছিলেন ছয় উইকেট। কিন্তু ওই ম্যাচেই আঙুলের চোট তাকে ছিটকে দেয় পরের ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। বোলিং শুরু করতে পারেন ১২ বা ১৫ তারিখ থেকে।

ইনজুরি নিয়ে নাঈম বলেন, ‘আসলে হতাশ হওয়ার কিছু নেই। একজন স্পোর্টসম্যানের জীবনে উত্থানপতন থাকবেই। চেষ্টা করব আমি যখন ফিরব তখন যেন আরও শক্তভাবে ফিরতে পারি। ইনজুরিতো আমার হাতেও ছিল না কারো হাতেই ছিল না।’

প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে না পারাটা যে কোনো খেলোয়াড়ের জন্য আক্ষেপের। তবে নাঈমের মধ্যে সেটি নেই বললেই চলে, ‘আসলে আমি এগুলো নিয়ে কোনো চিন্তাই করি না। এখন তো ইনজুরিতে আছি এটা কীভাবে রিকভার করব সেটাই চিন্তা করতেছি। নিজেকে যতটা পারি ফিট রাখার চেষ্টা করতেছি কারণ যখনই বোলিং শুরু করব তখন যেন সমস্যা না হয়।’