ব্যাটিং অর্ডারে নিজের অবস্হান নিয়ে কখনোই ভাবতে হয়নি তামিম ইকবালকে। ক্যারিয়ারের শুরু থেকে ওপেনার হিসেবে খেলেছেন। নিজের পছন্দের এই জায়গায় তামিম দলেরও ভরসা। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ৪২৯ ইনিংস খেলেছেন তিনি। যার মধ্যে ৪২৮ ইনিংসই ওপেনিং করেছেন।
কিন্তু হুট করেই টেস্টে তামিমকে নিচে খেলোনোর আলোচনা উঠে এলো। ব্যাটিং কোচ জেমি সিডন্সও এই প্রস্তাবে সায় দিলেন। তবে সিডন্স এটিও স্মরণ করিয়ে দিয়েছেন যে, ভালো-অভিজ্ঞ ওপেনার না থাকলে তামিমকে নিচে নামানো সম্ভব নয়।
গতকাল অবশ্য চারে ব্যাটিং করার কথা শুনতেই চটে গেলেন ওয়ানডে অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন, ওপেনিংই তার পছন্দ। এখানেই তিনি ভালো আছেন।
চারে ব্যাটিংয়ের প্রসঙ্গ তুলতেই তামিম বলেছেন, ‘আপনার কাছে কি মনে হয় আমার এই নাম্বার ফোর করাটা ভালো না ওপেন করাটা ভালো? আমার কাছে মনে হয় প্রশ্নটা যে ব্যক্তি করেছে, আমি জানি না ওর মাথার মধ্যে কি আছে, না আছে, আমার কোনো ধারনা নেই। কিন্তু প্রশ্নটা ছিল খুবই বোকার মতো, আমার মনে হয়। আমি নিজের কাছে চারে ব্যাটিং করার কোনো কারণই খুঁজে পাই না। ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে ভালোই করছি।’
তামিমের এমন আহত হওয়ার কারণও যথেষ্ট রয়েছে। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে তিন ফরম্যাটে ২৫টি সেঞ্চুরি করেছেন তিনি। টেস্টে ১০টি, ওয়ানডেতে ১৪ এবং টি-২০ তে একটি সেঞ্চুরি রয়েছে তার। সবমিলিয়ে হাফ সেঞ্চুরি ৯০টি।
সিডন্সের মনে ধরেছিল তামিমের নিচে খেলার প্রস্তাবটা। এই বাঁহাতিরও না কি এটি ভালো লাগতে পারে। কারণ নতুন বল খেলার চাপ থেকে মুক্তি মিলবে। সিডন্স বলেছিলেন, ‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে দারুণ হবে।’
প্রিয় ব্যাটিং কোচ সায় দিলেও তামিম স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নিচে খেলার কোনো পরিকল্পনা নেই তার। নতুন বলের সুইং, মুভমেন্ট ভয় পেয়ে নিচে নামতে চান না তিনি। ১৭ বছর ধরে যে কাজ করে আসছেন, সেভাবেই চালিয়ে যেতে চান।
তামিম সরাসরি নাকচ করায় হয়তো এ যাত্রায় এখানে থেমে যাবে এই আলোচনা। তবে ওয়েস্ট ইন্ডিজেও নতুন বল সামাল দিতে না পারলে কে জানে হয়তো আবারও গজিয়ে উঠবে তার নিচে খেলার আলোচনা।