ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের খোঁড়াখুঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সীমানা প্রাচীর ও কর্মচারীদের ঘর ভেঙে পড়েছে। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। থাকা ও আসবাবপত্র সরানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।
সোমবার (৬ জুন) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, শাঁখারিবাজার রাস্তার পাশে ভেঙে পড়ে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ও কর্মচারীদের ডরমিটরির একাংশ। ড্রেনের পানিতে ঘরের আসবাবপত্র ডুবে আছে।
কর্মচারীরা বলেন, আজকে বিকালের দিকে দেয়াল ও ঘর ভেঙে পড়ে। ভাঙার সময় কেউ ঘরে ছিল না, তাই হতাহত হয়নি। তবে ড্রেনের পানিতে অনেক জিনিসপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও, বাকি জিনিসপত্র সরিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। রাতে কোথায় থাকবো, এটাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত কিছু না করলে সমস্যায় পড়বো আমরা।
এবিষয়ে সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ প্যারিশ বলেন, ‘বিষয়টি আমরা দেখেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আসতে বলা হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এই কাজের ঠিকাদার সোহেল মিয়া বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দু’এক দিনের মধ্যে আমরা নতুন করে দেয়াল করে দেবো।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘সিটি করপোরেশন কাজ করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাচীরসহ কর্মচারীদের ঘর ভেঙে ফেলেছে। আমরা সিটি করপোরেশনকে জানিয়েছি। তারা নিরাপত্তা হিসেবে আপাতত আজ টিনের বেড়া লাগিয়ে দেবে। ধসে যাওয়ার সময় সবাই ঘরের বাইরে ছিল বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সিটি করপোরেশন টিনের বেড়া দেবে আজ। প্রাচীর নির্মাণের বিষয়েও কথা বলবো আমরা।’