বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদের পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন পার হওয়ার অনুমতি দেওয়ার ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) মো. কামরুজ্জামানকে গতকাল শুক্রবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্ট ছাড়া পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ কেন যাচ্ছিলেন, তা নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, পাইলটদের ক্রু কার্ড দেখে ইমিগ্রেশন করা যায়। এমনকি তাদের পাসপোর্টে কোনো সিল মারা হয় না। ইমিগ্রেশন করার সময় পাইলটকে অবশ্যই পাসপোর্ট দেখাতে হবে। কিন্তু পাইলট ফজল মাহমুদ পাসপোর্ট দেখাননি। আর সাব-ইন্সপেক্টর (এসআই) কামরুজ্জামানও তার পাসপোর্ট দেখতে চাননি।
ওই কর্মকর্তা আরো বলেন, ঘটনা জানাজানির পরও কামরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চের শীর্ষ কর্মকর্তারা কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি ( কামরুজ্জামান ) জানিয়েছেন, স্যার আমার ভুল হয়ে গেছে।
গত বুধবার পাসপোর্ট ছাড়াই বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমানের বোয়িং ৭৮৭ উড়োজাহাজ নিয়ে যান ক্যাপ্টেন ফজল মাহমুদ। কিন্তু পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়ায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দেয় কাতার ইমিগ্রেশন।