সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. ফরহাদ।
সোমবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার হাউজিংয়ের আহমেদ ফুটওয়ার জুতার কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। রাত সাড়ে ১০টায় আগুন লাগার পর পৌনে ১২টায় নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া অন্য আরেকটি ভবনে ফায়ার সার্ভিসের আরো একটি টিম উদ্ধার কাজ চালিয়েছে। ওই ভবনের লিফটে একটি বাচ্চা আটকে ছিল বলে জানিয়েছেন মো. ফরহাদ।