সীতাকুণ্ডে দগ্ধ খালেদুর করোনায় আক্রান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে আগুনের ঘটনায় দগ্ধদের ১৪ জনকে শেখ হাসিনা জাতীয় ও বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে খালেদুর রহমান (৬০) নামে দগ্ধ এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্তের পর ওই রোগীকে বার্ন ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে ।

সোমবার (৭ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আইউব হোসেন।

তিনি জানান, খালেদুর রহমানের ১২ শতাংশ পুড়ে গেছে। পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ আসে। এজন্য তাকে করোনা ইউনিট ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধ খালেদুর রহমানের মেয়ের জামাই মিনহাজুর রহমান জানান, বিএম ডিপোতে অ্যাডমিন পোস্টে চাকরি করতেন খালেদুর। পরিবার নিয়ে থাকেন চট্টগ্রামের মোজাফ্ফর নগরে।