সাভারে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে তার সত্ ভাই। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছে আরো দুইজন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী বাহেরচর গ্রামে। নিহতের নাম নজরুল ইসলাম (৩০)। সে ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজের সত্ ভাই মাসুদুল আলম ধারাল রামদা দিয়ে ছোট ভাই নজরুল ইসলামকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সত্ ভাই মাসুদুল আলমকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।