রাজধানীর বনানীতে ঈদের দিন ছয়তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার মেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে বনানীর ২৭ নম্বর রোডের ৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইলোনা তাকওয়া (১৮)। তার বাবা কোহিনুর মিয়া পুলিশের সাবেক উপকমিশনার। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে লাশ দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী।
পুলিশ জানিয়েছে, ঈদের দিন বুধবার বিকালে বনানীর বাসার ছয়তলা থেকে লাফিয়ে পড়েন ইলোনা। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ফরমান আলী আরো জানান, কোহিনুর মিয়ার মেয়ে তাকওয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
তেজগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা
তেজগাঁও এলাকায় পারিবারিক কলহের জেরে লামিয়া নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত লামিয়ার স্বামী আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি ঘর থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তিনি।
আনোয়ার আরো জানান, বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় লামিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রাত সোয়া দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত লামিয়া বরগুনা জেলার আমতলী থানার বোয়ালিয়া গ্রামের রুহুল আমিন হাওলাদারের মেয়ে। তেজগাঁও বেগুনবাড়ির টিনসেড দ্বিতীয় তলার নিচতলায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।