জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। তাদের দাবি একটাই, চাকরি স্থায়ী চাই।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রথমে রেজিস্ট্রারের কক্ষে অবস্থান নেয়। পরবর্তীতে রেজিস্ট্রার বেরিয়ে এলে তার পিছন পিছন এসে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
তাদের দাবি, দীর্ঘদিন যাবত আমরা বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। ১০ থেকে ১২ বছর আমরা দৈনিক হাজিরা ভিত্তিক আছি। দৈনিক ৬০০ টাকায় আমরা পরিবার সন্তান নিয়ে সংসার চালাতে পারি না। আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি একটাই চাকরি স্থায়ীকরণ চাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এডহক বা স্থায়ী করার অনেক নিয়োগ বিজ্ঞপ্তি হয়। ঢাকার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ হয় না। এখানে অনেকের বয়স ও শেষ হয়ে যাচ্ছে। এমনকি সার্টিফিকেট এর বয়স ও শেষ হয়ে যাচ্ছে। আমরা এর সুরাহা চাই।
তারা আরও বলেন, চুক্তি ভিত্তিক বাস চালক ও হেলপাররা বেতন ছাড়া কোনো বোনাস ভাতা পায় না। এমনকি কোনো উৎসব বা ঈদেও কোনো প্রকার ভাতা পাই নাই। এমনকি পরিবহনের টেকনিশিয়ান হেল্পাররা হাজিরা ভিত্তিক কাজ করছে। অর্গান অনুসারে আমাদের পদ কম কিন্তু ইউজিসি দিচ্ছে না।
এসময় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট পদ নেই। আমরা ইউজিসির কাছে আড়াইশোর উপরে পদ চেয়েছিলাম কিন্তু ইউজিসি পদ দিয়েছে মাত্র ১০ টা। আমরাও চাই পদ স্থায়ী হোক। কিন্তু ইউজিসি যদি পদ না দেয় আমাদের কিছু করার নেই।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল তাদের দাবিগুলো লিখে জমা দিতে বলেন এবং উপাচার্যের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।