এমন দিন আমার জীবনে হয়তো আর আসবে না :এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ঈদের এমন আনন্দ হয়তো আমার জীবনে আর আসবে না। এক জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, গণমানুষের ভালোবাসায় আমার জীবন ধন্য। বুধবার ঈদের দিন বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ঈদের এ আনন্দঘন ও উত্সবমুখর পরিবেশ দেশের প্রতিটি মানুষের জীবনে বারবার ফিরে আসুক। আগামীর বাংলাদেশ আরো উন্নত ও সমৃদ্ধ হোক। জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলেও তিনি দাবি করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি। পল্লীবন্ধু এরশাদের আদর্শে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব। এসময় পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।