বিদেশের মাটিতে প্রতিটা ম্যাচেই ঘরের মাঠের মতো অনুভূতি পায় ক্রিকেট দল। কেননা সমর্থন দিতে এসে গ্যালারি প্রায় ভরে ফেলেন প্রবাসী বাঙালিরা। ঠিক তেমন দৃশ্যই এবার ফুটবলে দেখতে চায় জামাল ভুঁইয়ার দল।
এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে এখন মালয়েশিয়ায় বাংলাদেশ ফুটবল দল। আগামীকাল গ্রুপের প্রথম ম্যাচে নামবে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে। ৬০ হাজার আসনবিশিষ্ট মালয়েশিয়ার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে প্রবাসী বাঙালিদের ভিড় আশা করছেন জাতীয় দলের ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ। করোনা পরিস্হিতির উন্নতি হওয়ায় গ্যালারিতে খেলা উপভোগ করতে পারবেন শতভাগ দর্শক। মালয়েশিয়ান মুদ্রায় সর্বনিম্ন ৪৫ রিঙ্গিতে (৯৪০ টাকা) পাওয়া যাবে ম্যাচের টিকিট।
সমর্থকদের উত্সাহে দারুণ পারফরম্যান্স উপহার দিতে চান ফাহাদ, ‘আমরা জানি মালয়েশিয়ায় অনেক বাঙালি আছেন। স্টেডিয়ামে যেহেতু দর্শক প্রবেশ করতে পারবে, সেক্ষেত্রে তারা যেন মাঠে এসে আমাদের সমর্থন দেন, যাতে আমরা আরও ভালো খেলতে পারি।’
প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে রুখে দেওয়ার পর র্যাংকিংয়ের ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে আটকে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেজন্য শিষ্যদের ডিফেন্সে মনোযোগী করার চেষ্টা করছেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহাদ বলেন, ‘আজকে (গতকাল) আমাদের ট্রেনিং হয়েছে কীভাবে বাহরাইনের সঙ্গে ডিফেন্ডিং নিয়ে কাজ করব। এটা নিয়েই কাজ হয়েছে। সেট পিস নিয়েও কাজ করেছি। সেট পিসে কীভাবে প্রতিপক্ষের ডিফেন্সে পজিশন ঠিক রাখব, সেটা নিয়ে কাজ করছি। আমাদের রক্ষণ থেকে কীভাবে আক্রমণে যাব, কীভাবে বিল্ড-আপ করব, এগুলো নিয়েও কাজ হয়েছে।’
ফাহাদের মতো একই সুর তুলেন কোচ মাসুদ কায়সার পারভেজও, ‘বাহরাইন শক্ত প্রতিপক্ষ, ইন্দোনেশিয়া থেকেও ভালো দল। ওদেরকে পর্যালোচনা করেই আজকে (গতকাল) অনুশীলন সাজিয়েছিলাম। আমাদের প্রস্ত্ততি বেশ ভালো। আমরা আশা করছি, বাহরাইনের সঙ্গে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব। টিমের যে কম্বিনেশন, টিমের যে ওয়ার্ক সেটা আগের থেকে বেশ ভালো। সবাই ভালো কিছুর জন্য চেষ্টা করবে, সবাই ভালো কিছু চাচ্ছে। সবাই সুস্হ এবং খেলার জন্য প্রস্ত্তত আছে।’