ইউক্রেন যুদ্ধে ফের আরেক রুশ জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) ইউক্রেনে ক্রমলিনপন্থী বিচ্ছিন্নবাদীরা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কুতুজভ নামের এই রুশ জেনারেলের নিহত হওয়ার খবর জানায় রাশিয়ার রাষ্ট্রীয় টিভির সাংবাদিক। তবে মস্কোর কর্মকর্তারা এই তথ্য সেসময় নিশ্চিত করেনি।
ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন, মেজর জেনারেল রোমান কুতুজভের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। কুতুজভ পিতৃভূমিকে কীভাবে সেবা করতে হয় তা উদাহরণ দিয়ে দেখিয়েছেন বলে জানান ডেনিস।
টেলিগ্রামে কুতুজভের একটি সাদাকালো ছবি পোস্ট করে পুশিলিন বলেন, যতদিন আমাদের জেনারেলরা সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ততদিন আমাদের দেশ ও জাতি অজেয় থাকবে।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার বেশ কয়েকজন জেনারেল নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।