রেকর্ড পরিমাণ কমলো পাকিস্তানি রুপির মান  

ক্রমশ ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান কমেই চলেছে। সর্বশেষ মঙ্গলবার সকালে পাকিস্তানে (৭ জুন) প্রতি ডলার বিক্রি হয়েছে ২০৩ দশমিক ৪৫ পাকিস্তানি রুপিতে। দেশটির প্রভাবশালী পত্রিকা ডন ও জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সুবিধা ফেরা নিয়ে অনিশ্চয়তায় ডলারের দাম বাড়ছে।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মতে, মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ১ দশমিক ৩৭ শতাংশ বা ২ দশমিক ৭৭ রুপি কমে ২০২ দশমিক ৮৩-এ দাঁড়িয়েছে। এর আগে গত ২৬ মে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন ২০২ রেকর্ড করা হয়েছিল। 

দেশটির স্থানীয় সময় দুপুর ১২ টা ১৫ মিনিট নাগাদ খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ২০৪ রুপিতে। 

আর্থিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণকারী পোর্টাল মেত্তিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেন, রুপির আরেক দফা দরপতনের সঙ্গে জ্বালানির মূল্য পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের সম্পর্ক । 

দেশটির আরিফ হাবিব লিমিটেডের গবেষণা প্রধান তাহির আব্বাস বলেছেন, তেলের মূল্য পরিশোধ বাকি থাকা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে পাকিস্তানি রুপি বেশ চাপের মধ্যে রয়েছে। 

আন্তঃব্যাংক লেনদেনের একপর্যায়ে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানি মুদ্রার মান একদিনে চার রুপি কমে ২০৪ রুপি ছাড়ায়। তবে দিনশেষে এর দরপতন তিন রুপির কাছাকাছি গিয়ে স্থির হয়েছে।