কোম্পানির ব্যবসার খরচ কমিয়ে দেবে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্ভাবিত ডিজিটাল প্ল্যাটফরম ই-টিডিএস সিস্টেম। কর অঞ্চল-৬-এর সহযোগিতায় এসএমএসি এইচআরএস লিমিটেডের আয়োজনে ই-টিডিএস সিস্টেম বিষয়ক ওয়েবিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়েবিনারে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এ ধরনের ডিজিটালাইজেশনের পদক্ষেপকে স্বাগত। তবে এনবিআরকে টিডিএস সিস্টেম থেকে আইটেমের সংখ্যা কমানোর দাবি জানাচ্ছি। তিনি এ ধরনের ব্যবস্থা বাস্তবায়নের আগে ব্যবসার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে এনবিআরকে আহ্বান জানান। তিনি বলেন, সরকারি সংস্থাগুলো অনেক ইতিবাচক উদ্যোগ নিচ্ছে; কিন্তু এগুলো ব্যবসায় ছড়িয়ে পড়ছে না। এনবিআরকে ডিজিটালাইজেশনের ওপরও জোর দিতে হবে।
অনুষ্ঠানে এনবিআর সদস্য (করনীতি) প্রদ্যুত কুমার সরকার বলেন, অনলাইন ট্যাক্স পেমেন্টের বিধান ইতিমধ্যেই আইনের অংশ এবং ই-টিডিএস ব্যবহার বৈধ করার উদ্যোগ নেওয়া হয়েছে এনবিআর কল সেন্টার স্থাপন করবে এবং সমন্বিত অনলাইন সিস্টেম তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।
প্যানেল আলোচনায় নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) সভাপতি তাহরিন আমান বলেন, এই সিস্টেম বাংলাদেশি কোম্পানিগুলোর ব্যবসা করার খরচ কমিয়ে দেবে। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নির্বাহী পরিচালক নুরুল কবির সমস্ত ব্যাংকে একটি চালান সিস্টেমের আওতায় আনার ওপর জোর দেন। তিনি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেমের দাবি জানান।
অনুষ্ঠানে এসএমএসি এইচআরএস লিমিটেডের স্নেহাশিষ বড়ুয়া সেশনটি পরিচালনা করেন। প্রশ্নোত্তর অধিবেশনটি পরিচালনা করেন কর অঞ্চল-৬-এর কমিশনার জাহিদ হাসান। অনুষ্ঠানে এসএমএসি এইচআরএস লিমিটেডের চেয়ারম্যান জেরীন এম হোসেইনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।