নিউ ইয়র্কে হামলার পরিকল্পনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার এফবিআই ও নিউ ইয়র্ক পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স আশিকুল ইসলাম (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। তিনি কোন দেশের সেই বিষয়ে নিউ ইয়র্ক টাইমসসহ অন্যান্য মার্কিন মিডিয়া বিস্তারিত কিছু জানায়নি। যদিও দেশের একটি অনলাইন মিডিয়া আশিকুল ইসলামের বাড়ি বাংলাদেশে বলে জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে, কুইন্সের বাসিন্দা আশিকুল একজনের কাছে গ্রেনেড ও আত্মঘাতী হামলার সরঞ্জাম কিনে টাইমস স্কোয়ারে বিস্ফোরণ ঘটনোর বিষয়টি আলাপ করেছিলেন। এরপর থেকে মার্কিন গোয়েন্দা তার ওপর নজরদারি চালায়। এমনকি তিনি সিরিয়াল নাম্বার না থাকা অস্ত্রও কিনতে চেয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে অস্ত্র কিনতে যাওয়ার সময় টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সময় শুক্রবার আশিকুলকে ব্রুকলিনের আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হচ্ছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ এবং এফবিআই এই বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ডেইলি নিউজ জানিয়েছে, আশিকুলের বড় কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আছে বলে বিশ্বাস করেন না গোয়েন্দারা। এনবিসি নিউজ জানিয়েছে, আশিকুল টাইমস স্কোয়ারে হামলার আগে রাজনীতিকদের ওপর হামলার বিষয়টি বিবেচনা করেছিলেন। এর আগে ২০১০ সালে এক পাকিস্তানি এবং ২০১৭ সালে বাংলাদেশিকে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছিল নিউ ইয়র্ক পুলিশ।