মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কাজে আসছে না সরকারি ৪ অ্যাম্বুলেন্স

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চারটি অ্যাম্বুলেন্স কাজে আসছে না। ফলে রোগী ও তার আত্মীয়স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে হলে হাসপাতালের সামনে থাকা বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স ও দালালদের খপ্পরে পড়তে হচ্ছে রোগীর আত্মীয়স্বজনদের। এতে গুনতে হয় চড়া ভাড়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে বিকল হয়ে পড়ে আছে দুইটি অ্যাম্বুলেন্স। অন্য দুইটির একটি যান্ত্রিক ত্রুটি ও আরেকটির তিন বছর ধরে চালক না থাকায় বিকল অবস্থায় পড়ে আছে। জানা গেছে, গত ১৭ মার্চ স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের মাধ্যমে ২৭ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের একটি নতুন অ্যাম্বুলেন্স পায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এখন প্রায় তিন মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এই হাসপাতালে কোন চালক নিয়োগ না দেওয়ায় এটিও কাজে আসছে না।

হাসপাতাল সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ২০০৬ সালে বিকল হয়ে পড়ে একটি অ্যাম্বুলেন্স। দীর্ঘ সময় অচল পড়ে থাকায় ইঞ্জিন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একইভাবে ২০১৩ সালে অচল হয়ে খোলা আকাশের নিচে পড়ে আছে আরো একটি অ্যাম্বুলেন্স। রক্ষণাবেক্ষণের অভাবে অ্যাম্বুলেন্স দুটির যন্ত্রাংশও চুরি করে একটি চক্র বিক্রি করে দিয়েছে। অপর একটি অ্যাম্বুলেন্সে প্রায় তিন বছর থেকে চালক না থাকা ও দীর্ঘ সময় অচল পড়ে থাকায় ইঞ্জিন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে একটিমাত্র অ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক না থাকায় রোগীদের কোন কাজে আসছে না। এতে করে উপজেলার ২২টি ইউনিয়নে বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগী চিকিত্সাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। রোগী পরিবহনে হাসপাতালের মূল ফটকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে বেসরকারি অ্যাম্বুলেন্স। গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর ও ঢাকা নিতে হলে বেসরকারি অ্যাম্বুলেন্স ছাড়া উপায় থাকে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম বলেন, এখানে বর্তমানে চারটি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে তিনটি অচল হয়ে আছে। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অ্যাম্বুলেন্সের চালকের পদটি শূন্য রয়েছে। এ বছর একটি অ্যাম্বুলেন্স এই হাসপাতালে যুক্ত হয়েছে। এটি যাতে কোনভাবে বিকল না হয় তার জন্য আউট সোর্সের মাধ্যমে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। বিকল হওয়া অ্যাম্বুলেন্স সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।