বাবুলের সন্তানদের বক্তব্য নিতে হবে সমাজসেবা কার্যালয়ে: হাইকোর্ট

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় তাদের দুই সন্তানকে শিশু আইন মেনে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে বক্তব্য নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শিশুদের দাদা ও চাচার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, শিশু আইনের বিধান অনুসরণ করে মাগুরা জেলা সমাজ সেবা কার্যালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, একজন নারী পুলিশ সদস্য এবং শিশুদের দাদা উপস্থিত থাকবেন। বক্তব্য গ্রহণের পর্যাপ্ত সময়ের আগে তাদের উপস্থিত করতে হবে।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। সে ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়।