চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত আটজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় দুর্ঘটনায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী আশরাফ সিদ্দিকী ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মামলার তদন্তকাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সোয়া ৯টার দিকে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত। তার দেড় ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য নয়জন। প্রায় ৮৭ ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হন উদ্ধার কর্মীরা।
তবে উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।