রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) শেষ হচ্ছে। গত ২৫ মে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
বুধবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ২৫ মে থেকে শুরু হওয়া প্রাথমিক আবেদন করেছে এখন পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার ৭০৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন চলমান রয়েছে। এখন পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৭০৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪২৬ জন। এই ইউনিটে মানবিক শাখা থেকে ৫৭ হাজার ১৯৪ জন, বাণিজ্য শাখা থেকে ৯ হাজার ৪৯৫ জন এবং বিজ্ঞান শাখা থেকে ৫৮ হাজার ৭৩৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছে।
তিনি আরও বলেন, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৮৯ হাজার ২০৫ জন ভর্তি আবেদন করেছেন। এর মধ্যে বাণিজ্য শাখা থেকে ১৮ হাজার ৭১০ জন, মানবিক শাখা থেকে ২৮ হাজার ১৮৮ জন এবং বিজ্ঞান শাখা থেকে ৪২ হাজার ৩০৭ জন আবেদন করেছেন।
রাবির এই কর্মকর্তা বলেন, বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে সবচেয়ে বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন। এই ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ৩০ হাজার ৭৩ জন। যার মধ্যে বিজ্ঞান শাখা থেকে ১ লাখ ২ হাজার ৪৫৩ জন, বাণিজ্য শাখা থেকে ৪ হাজার ৭৫৮ জন এবং মানবিক শাখা থেকে ২২ হাজার ৮৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ১ হাজার ১০০ টাকা।
আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।