খুলনায় দেশি পিস্তল, একটি ম্যাগজিন ও গুলিসহ মো. তাজউদ্দিন শেখ (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৬) সদস্যরা।
মঙ্গলবার (৭ জুন) রাত ১০টার দিকে নগরীর খালিশপুর থানার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ। গ্রেফতার তাজউদ্দিন শেখ ডুমুরিয়া উপজেলার কুখিয়া গ্রামের মৃত সামছুর রহমান শেখের ছেলে।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর খালিশপুর থানার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী তাজউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার তাজউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। জব্দ করা অস্ত্র ও গুলিসহ তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।