বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুন) দুপুরে বাকেরগঞ্জের আউলিয়াপুর দরবার শরীফ সংলগ্ন তুলাতলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন-পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে রফিকুল ইসলাম (৫৫), মৃত আব্দুল কাদের আকনের ছেলে সেলিম আঁকন (৫৫), মৃত আব্দুল খালেসের ছেলে মো. ইব্রাহিম (৪৫)।
স্থানীয়রা বলছে, যারা বালু মহাল ইজারা নিয়েছে তারাই সময় বুঝে তাদের নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলন করছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক জানান, আমরা সার্বক্ষণিক খোজখবর রাখছি। কোন অবস্থায় কেউই অত্র এলাকার কোন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবে না, করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।