প্রতিদ্বন্দ্বিতা গড়তে প্রয়োজন দলীয় প্রচেষ্টা: শফিকুল হক হীরা 

‘প্রথম’ সব কিছুর সঙ্গেই একটা নৈসর্গিক অনুভূতি জড়িয়ে থাকে। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের গল্পটা লেখা হয়েছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে। ঘটনাবহুল সফর থেকে অনেক অর্জন নিয়ে ফিরেছিল টাইগাররা।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন সেই ক্যারিবিয়ানে বাংলাদেশ দল। ক্রিকেটের মানচিত্রে এই দ্বীপপুঞ্জে কমবেশি সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। চার বছর আগেও উইন্ডিজদের মাটিতে ওয়ানডে, টি-২০ সিরিজ জিতেছিল মাশরাফি-সাকিবের দল।

ওয়েস্ট ইন্ডিজ সফর এবং দেশের ইতিহাসের অন্যতম সেরা দুই ক্রিকেটারের নাম তুলতেই মুঠোফোনের ওপ্রান্েত গতকাল ‘নস্টালজিক’ হয়ে পড়েন শফিকুল হক হীরা। যেন টাইম মেশিনে চড়ে ফিরে গেলেন ১৩ বছর আগের স্মৃতিতে। ২০০৯ সালে রূপকথা লেখার সময়টাতে মাশরাফি-সাকিবদের ম্যানেজার ছিলেন শফিকুল হক হীরা।

দুর্ভাগ্যক্রমে অধিনায়ক মাশরাফির ইনজুরি, আকস্মিক সাকিবের অধিনায়ক বনে যাওয়া, ক্যারিবিয়ানে দুই টেস্ট, তিন ওয়ানডে জেতা। সবই একনাগাড়ে বলে গেলেন সাবেক এ অধিনায়ক।

২০১৮ সালে হারলেও এবার টেস্টে ভালো কিছুর আশা করছেন শফিকুল হক হীরা। তার মতে, দলীয় পারফরম্যান্সেই সাফল্য আসতে পারে। দুই-এক জন নয়, সবাইকে অবদান রাখতে হবে। পেস বোলিংয়ের বিষয়ে টাইগারদের সতর্ক করেছেন তিনি।

টাইগারদের এবারের ক্যারিবিয়ান সফর নিয়ে গতকাল শফিকুল হক হীরা বলেছেন, ‘এবারের দলে মুশফিক নাই। আমাদের মিডল অর্ডারে কিছু ব্যাটসম্যান হয়তো আসবে। ভালো খবর যে, মেহেদী হাসান মিরাজ আবার দলে ফিরেছে ইনজুরির পর। যদিও আমাদের টেস্টের মূল ফাস্ট বোলাররা নাই। তাসকিন, শরীফুল ইনজুরি কাটিয়ে উঠছে, ওরা টেস্ট খেলতে পারবে না। তারা না থাকায় মুস্তাফিজের ওপর বড় নির্ভরতা থাকবে। অনেক দিন অবশ্য ও লাল বলের ক্রিকেট খেলে না। ওর আগ্রহ কম বলে দিয়েছে। তারপরও এবার খেলতে রাজি হয়েছে। মুস্তাফিজের ওপর ভরসা করে বলতে চাই, সিমিং দিকটা আমাদের খারাপ নয়। ব্যাটিংটাও মোটামুটি ঠিক আছে।’ 

দলীয় প্রচেষ্টার ওপরই বেশি গুরুত্ব দিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। গতকাল তিনি বলেন, ‘আমাদের পারফরম্যান্স নির্ভর করবে দলীয় চেষ্টার ওপর। প্রত্যেককে অবদান রাখতে হবে। টেস্ট ম্যাচ দুই-এক জনের পারফরম্যান্সে হয় না, সবার অবদান লাগে। সবকিছু মিলে যদি টিম হিসেবে খেলতে পারে আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ব, কে জানে হয়তো জিততেও পারি।’

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ পেস বোলিং দিয়ে আক্রমণ করবে টাইগারদের। শফিকুল হক হীরা বলেন, ‘প্রতিপক্ষ হলো ওয়েস্ট ইন্ডিজ। ওদের পারফরম্যান্স কখনো মূল্যায়ন করা যায় না। ওরা একসময় খুবই ভালো খেলে, আবার একসময় খুবই খারাপ খেলে। কিন্তু যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, হোম কন্ডিশনে ওরা একটা ভালো দল নিয়েই নামবে। আগেরবার আমরা টেস্টে বাজেভাবে হেরেছি ওখানে। ওরা জানে আমরা ফাস্ট বোলিংয়ে দুর্বল, সেটার সুবিধা ওরা নিতে চেষ্টা করবে, অতীতের মতো।’