যুক্তরাষ্ট্রের একটি আদালত সোমবার রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের বিলাসবহুল দুটি উড়োজাহাজ জব্দ করতে পরোয়ানা জারি করেছে। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় আব্রামোভিচের উড়োজাহাজ দুটি জব্দ করার এই আদেশ এসেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আব্রামোভিচের বিরুদ্ধে প্রশাসনিক অভিযোগ দায়েরের পর ম্যানহাটানের একজন ফেডারেল জজ ঐ পরোয়ানা জারি করেন। তবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ দুটি জব্দ করার সম্ভাবনা নিয়ে সংশয় আছে। উড়োজাহাজ দুটির মূল্য প্রায় ৪০ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বিচারবিভাগীয় এক কর্মকর্তা জানান, ৩৫ কোটি মার্কিন ডলার মূল্যের বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ এবং ৬ কোটি মার্কিন ডলারের গল্ফস্ট্রিম জি৬৫০ ইআর উড়োজাহাজ দুটি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে নেই। সেগুলো কোথায় আছে সেটি যুক্তরাষ্ট্র জানে কি না সে বিষয়ে ঐ কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেছেন, খুব সম্ভবত উড়োজাহাজ দুটি সরিয়ে ফেলতে কোনো কোম্পানি যেন সাহায্য না করতে পারে তাই জব্দ করার ঐ পরোয়ানা জারি করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চাইছে। একই কারণে পুতিন ঘনিষ্ঠ রুশ ধনকুবেরদের ওপরও নানা নিষেধাজ্ঞা আরোপ করে তাদের চাপে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র।
আব্রামোভিচ অবশ্য বারবার দাবি করেছেন, পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নেই। উড়োজাহাজ জব্দ করার বিষয়ে কথা বলতে রয়টার্স থেকে আব্রামোভিচের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত ১২ মার্চ আব্রামোভিচের উড়োজাহাজ ‘গল্ফস্ট্রিম’ ইস্তাম্বুল থেকে মস্কো উড়ে গেছে। পরদিন সেখান থেকে তেল-আবিব যায়। ১৫ মার্চ আবারও ইস্তাম্বুল থেকে মস্কো যায়। আর অন্য উড়োজাহাজ বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ গত ৪ মার্চ দুবাই থেকে মস্কো উড়ে যায়।