রণবীরের প্রশংসায় শ্রদ্ধা 

নির্মাতা লুভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছের শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুর। সম্প্রতি দিল্লির বিভিন্ন লোকেশনে টানা কয়েকদিন শুটিংয়ে অংশ নেন তারা। সেই শুটিংয়ের কিছু দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

অনেকেই প্রথমবারের মতো পছন্দের জুটিকে একসঙ্গে দেখে নিজেদের প্রতিক্রিয়া জানান। রণবীর-শ্রদ্ধার প্রশংসায় কমেন্টস বক্স ভরে ওঠে। সেই প্রশংসার পাল্লায় এবার জোর হাওয়া লাগালেন শ্রদ্ধা। টানা শুটিংয়ের ধারাবাহিকতায় এবার স্পেনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন শ্রদ্ধা-রণবীর। বর্তমানে তারা সেখানেই অবস্হান করছেন এবং শ্রদ্ধা ভক্তদের সঙ্গে আপডেট থাকতে নিয়মিত বিভিন্ন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন, যা মুহূর্তেই লুফে নিচ্ছেন তার ভক্তরা। 

সিনেমাটিকে ঘিরে দর্শকদের এমন কৌতূহল এবং আগ্রহ দেখে বেশ আপ্লুত শ্রদ্ধা। তিনি বলেন, ‘সিনেমাটির শুরু থেকেই দর্শকরা দারুণ আগ্রহ দেখাচ্ছেন। আশা করছি মুক্তির পরও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ এ ছাড়া, রণবীরের সঙ্গে প্রথমবার অভিনয় প্রসঙ্গে এই তারকা আরও বলেন, ‘শুধু ভালো একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে দর্শক আগ্রহ বেশি দেখা যাচ্ছে বিষয়টি তেমনও না। রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ারও এখানে বিশেষ ভূমিকা পালন করছে। আমরাও চেয়েছিলাম ভালো গল্পে ব্যতিক্রমী কিছু দিয়ে নিজেদের অভিষেক রাঙিয়ে রাখতে। সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। 

আমার বিশ্বাস দর্শকরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।’ উল্লেখ্য, সিনেমাটি আগামী বছর হোলি উৎসব উপলক্ষে মুক্তির কথা রয়েছে।