ভারতে আবারও কড়াকড়ি, মাস্ক না পরলে নামানো হবে ফ্লাইট থেকে

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে ভারতে। যার কারণে আকাশপথে ভ্রমণে আবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বিমান ভ্রমণের সময় বাধ্যতামূলকভাবে পরতেই হবে মাস্ক। যদি এই নিয়মের অমান্য করা হয়, তবে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হবে যাত্রীদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ জুন) এমন নির্দেশনা দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। সম্প্রতি দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলায় একই রায় দেওয়া হয়। সেই রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিজিসিএ কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে।

ডিজিসিএ’র নির্দেশিকায় জানানো হয়েছে, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার থেকে বিমানবন্দরে ও বিমানের ভেতরে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। যদি কোনো যাত্রী এই নিয়ম মানতে অস্বীকার করেন, তবে সেটিকে বিরুদ্ধ আচরণ বলেই গণ্য করা হবে এবং প্রয়োজনে তাদেরকে বিমান থেকেও নামিয়ে দেওয়া যাবে। শুধু এই নয়, যদি কোনো যাত্রী মাস্ক পরাকে কেন্দ্র করে চরম বিরোধিতা করেন, তবে অভিযুক্তদেরকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্তি করা হবে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল যাত্রীকেই এই নিয়ম মানতে হবে। বিশেষ কোনো কারণ ছাড়া মাস্ক খোলা যাবে না। বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।