গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সুমন সরকার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন শেরপুর জেলার শ্রীবরদি থানার কাজীপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি সাতাইশ এলাকার ইউসুফ মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।
জানা যায়, রাত ৮টার দিকে সাতাইশ বাগানবাড়ি এলাকার দোকানি ফারুকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লাগে সুমন সরকারের ছোট ভাই শুভ সরকারের। খবর পেয়ে শুভর বড় ভাই সুমন সরকার ঘটনাস্থলে পৌঁছে পিস্তল বের করে গুলি করতে উদ্যত হন। এ সময় স্থানীয়রা ঘেরাও করে সুমনকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।