সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদ আর নেই

দৈনিক ইত্তেফাকের সাবেক বিজনেস রিপোর্টার সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদ (৭০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গিয়াসউদ্দিনের ছোট ভাই বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার দিদার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর ছয়টায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, তার প্রথম জানাজা বাদ জোহর ঢাকা ডিওএইচএস-এ অনুষ্ঠিত হবে। বাদ আছর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী এমডব্লিও উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আদমজী কবরস্থানে দাফন করা হবে। 

সিদ্ধিরগঞ্জ আদমজী কদমতলীর বাসিন্দা গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৪০ বছরের সাংবাদিকতা শেষে কয়েক বছর আগে দৈনিক ইত্তেফাক থেকে অবসর নেন।