বেলকুচিতে ১৪৪ ধারা জারি 

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ছাত্রলীগ ও চেয়ারম্যান ফোরামের একই স্থানে মানব বন্ধন ও বিক্ষোভ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (৮ জুন) রাতে চালা বাসস্ট্যান্ড থেকে সরকারি কলেজ মোড় বঙ্গবন্ধু স্কয়ার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার জীধুরিস্থ মাজেম মিয়ার মোড়ে পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারের উপর হামলা চালায়। এ ঘটনায়  পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ তার সহযোগী ৭ জন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ হামলার প্রতিবাদে বেলকুচি উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরাম বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। পাল্টা কর্মসূচি ঘোষণা করে পৌর ছাত্রলীগ। 

বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আমি রাত সাড়ে ৯টা থেকে মাইকিং করছি। যাতে কাল কোন কিছু না হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার  সকালে বেলকুচি উপজেলা সদরে একই স্থানে চেয়ারম্যান ফোরাম ও ছাত্রলীগ মানব বন্ধন দেওয়ায় আমরা প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করেছি।