বিদ্যুৎ-জ্বালানিতে বরাদ্দ কমলো দেড় হাজার কোটি টাকা

বিদ্যুৎ-জ্বালানিতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে ১ হাজার ৪১৮ কোটি টাকা। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করেছে তাতে এই খাতে ২৬ হাজার ৬৬ কোটি টাকা বরদ্দের কথা বলা হয়েছে।

এর মধ্যে বিদ্যুতে ২৪ হাজার ১৯৬ কোটি টাকা এবং জ্বালানিতে ১ হাজার ৮৭০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে। এ বছর বিদ্যুৎ-জ্বালানিতে উন্নয়ন বরাদ্দ মোট বাজেটের তিন দশমিক ৯ শতাংশ।

বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ২৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২১-২০২২ অর্থবছরে ছিল ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা।

বাজেট অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান বিশ্বে জ্বালানি তেল এবং এলএনজির মূল্য বাড়ছে। এ কারণে দেশেও জ্বালানির মূল্য সমন্বয় করা হবে। কিন্তু ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে যতটা জ্বালানির দাম বাড়বে তার পুরোটা দেশে বাড়ানো হবে না।

বাজেট অধিবেশনে বলা হয়, ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উচ্চ-আয়ের দেশে উত্তরণে বাংলাদেশ মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর সুষ্ঠু বাস্তবায়নে বিপুল আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আরও গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। এসকল কর্মকাণ্ড বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা ক্রমান্বয়ে বাড়বে।